পাকিস্তানের কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি বাজেভাবে হারের পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, আরও দুই ম্যাচ বাকি আছে। সেই দুই ম্যাচের একটি শুরু হবে আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায়। হারলেই সিরিজ খোয়াতে হবে। জিতলে শেষ ম্যাচটি পরিণত হবে ‘অঘোষিত ফাইনালে’।
পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। দুবাইয়ে আরব আমিরাতের বামহাতি স্পিনারদেরই খেলতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা, মাঝারি গতির পেসারদের বলে বিলিয়ে এসেছেন উইকেট! সেখানে ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানই বোলারদের সামনে তাদের কী অবস্থা হয়, সেটা দেখা গেছে প্রথম ম্যাচেই।
সবচেয়ে আশঙ্কাজনক হলো, লিটনদের ব্যাট সেই যে ঘুমিয়ে পড়েছে,আর জেগে ওঠার নামগন্ধ নেই! লাহোরে প্রথম টি-টোয়েন্টিতে দুই শতাধিক রান তাড়ায় লিটনরা যেভাবে ব্যাট করেছেন, সেটা রীতিমতো হতাশার। অথচ, পিএসএলের ফাইনালে লাহোর কালান্দার্স এই গাদ্দাফি স্টেডিয়ামেই ২০১ রান তাড়া করে জিতেছে, তাতেই স্পষ্ট এখানে ব্যাটিংটা খুব ভালো না করে জেতার আশা করাটা ভুল।
আমিরাত সফরের ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রতিপক্ষকে ঠিকভাবে বুঝতে পারেনি বাংলাদেশ। এই লিটন দাসই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখিয়েছিলেন খেলার ভেতর ছোট কিন্তু সাহসী কিছু পরিকল্পনা কীভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই ঝলক দেখা যায়নি আমিরাত কিংবা পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে। আজ কি লিটন দেখাতে পারবেন ম্যাজিক্যাল কিছু?
আল হিলালে যোগ দেওয়ার কথা ভাবছেন ব্রুনো ফার্নান্দেজ
দেশের মানুষের কাছে ক্রিকেটের আকর্ষণ হারিয়ে যাচ্ছে: তামিম
রোনালদোর ব্রাজিলে যাওয়ার গুঞ্জন; ছাড়তে নারাজ আল নাসর