রাশিয়া শান্তি প্রতিষ্ঠার নামে আবারও প্রতারণার পাঁয়তারা কষছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২৯ মে) তার নিয়মিত নৈশ ভিডিও বার্তায় আসন্ন একটি বৈঠকের আগে প্রস্তাবের খসড়া পেশ করার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তিনি বলেন, রাশিয়ার কথিত স্মারকলিপি (মেমেরান্ডাম) নাকি এক সপ্তাহ আগেই তৈরি হয়েছে। অথচ তা এখনো কেউ চোখে দেখল না! জেলেনস্কির অভিযোগ, আমরা ওই স্মারক পাইনি। এমনকি আমাদের কোনো মিত্র বা বৈঠক আয়োজনকারী দেশ তুরস্কও কিছু পায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সংশ্লিষ্ট পক্ষদের কাছে একগাদা অঙ্গীকার করা সত্ত্বেও, শেষ পর্যন্ত এটি আরেকটা রুশ প্রতারণা ছাড়া আর কিছু নয়।
বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, যুদ্ধের অবসান টানার জন্য মস্কোর পক্ষ থেকে একটি খসড়া স্মারকলিপি তৈরি করা হয়েছে। আগামী সোমবার ইস্তাম্বুলে মস্কো ও কিয়েভের মধ্যে আরেক দফা বৈঠক আয়োজিত হবে। এদিকে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ পাল্টা দাবি করছেন, সোমবার ইস্তাম্বুলের বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি যোগ দিচ্ছেন কি না, সে ব্যাপারে কিয়েভ কিছু জানায়নি।
উল্লেখ্য, তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে চলতি মাসেই প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছে দুপক্ষ। তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখিই বলেছেন, রাশিয়ার স্মারক তারা এখনো যাচাই করতে পারেননি। তারা ধরে নিচ্ছেন, মস্কো এমন সব অবাস্তব দাবি রেখেছে যে সেগুলো প্রকাশ করতে কুণ্ঠাবোধ করছে। তাই শান্তিআলোচনার নামে কালক্ষেপণ করছে তারা। কথিত ওই স্মারকলিপি অবিলম্বে ইউক্রেনের হাতে তুলে দেওয়া উচিত বলে দাবি করেছেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা। তার এই দাবিকে গঠনমূলক নয় বলে খারিজ করে দেন পেসকোভ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখ- নিয়ন্ত্রণ করছে। যদিও এই যুদ্ধ দুই দেশের জন্যই রক্তক্ষয়ী ও ব্যয়সাপেক্ষ হয়ে উঠেছে।
