নারায়ণগঞ্জে সেমিনার

বাসযোগ্য নগর গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

আপডেট : ৩১ মে ২০২৫, ১২:২৯ এএম

নারায়ণগঞ্জকে মাদক, যানজট ও দূষণমুক্ত বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলার নাগরিক সমাজের নেতারা।

গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নগর পার্কের পার্ক লাউঞ্জে ড্যান্ডি ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।

‘সামাজিকভাবে দায়িত্বশীল নেতৃত্ব, সুশাসন ও নগর উন্নয়ন’ শীর্ষক সেমিনারে বক্তারা সামাজিক অবক্ষয় রোধে ও সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে সামাজিক দায়িত্ববোধ, শিষ্টাচার, সহনশীলতা ও সহমর্মিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক সব কাজে মেধাবীদের সম্পৃক্ত করারও পরামর্শ দেন তারা।

সংগঠনের সভাপতি ও লন্ডনের নর্দাম্বারিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলীয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান, বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৈরি পোশাক ব্যবসায়ী জসীম উদ্দীন, শামীম রেজা, বাশার, মহসীন, হাসান বশীর, সাবেক ছাত্রনেতা মোবারক হোসেন রানা, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত