আলোচিত কনকাশন বদলি নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টেস্টে ২০২৫ সালের ১৭ জুন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ২ ও ১০ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে। টেস্ট সংস্করণে এই পরিবর্তনের সূচনা হবে গলে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও একই সিরিজ দিয়েই যাত্রা শুরু করবে নতুন ধারা।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর আগে প্রতিটি দলকে সম্ভাব্য কনকাশন বদলি হিসেবে পাঁচজন খেলোয়াড়ের একটি নির্দিষ্ট তালিকা ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে। সেই তালিকায় থাকবে একজন ব্যাটসম্যান, একজন উইকেটকিপার, একজন পেসার, একজন স্পিনার এবং একজন অলরাউন্ডার। তালিকার বাইরে থাকা কাউকে আর কনকাশন বদলি হিসেবে খেলানো যাবে না—যতক্ষণ না তালিকাভুক্ত খেলোয়াড়ও মাথায় আঘাত পেয়ে ছিটকে যান। এমন পরিস্থিতিতে ম্যাচ রেফারি বিশেষ বিবেচনায় তালিকার বাইরে থেকেও ‘লাইক-ফর-লাইক’ বদলি অনুমোদন দিতে পারবেন।
আইসিসির এই পরিবর্তনের পেছনে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া বিতর্কিত এক ঘটনা। চলতি বছরের শুরুতে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে চতুর্থ ম্যাচে ভারত ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলে কনকাশন বদলি হিসেবে নামায় পেসার হর্ষিত রানাকে। নিয়ম অনুযায়ী, ‘লাইক-ফর-লাইক’ বদলি দেওয়ার কথা থাকলেও এ ক্ষেত্রে ভিন্ন পজিশনের একজন খেলোয়াড়কে মাঠে নামানো হয়। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে সরব হন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার।
এবারের পরিবর্তন সেই বিতর্কে সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। নতুন নিয়মের ফলে বদলি খেলোয়াড় নির্বাচনে থাকবে স্বচ্ছতা, কমবে বিতর্ক।
এ ছাড়া ওয়ানডে ক্রিকেটেও আরেকটি বড় পরিবর্তন আনছে আইসিসি। এতদিন প্রতি ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহৃত হতো। তবে নতুন নিয়মে, প্রথম ৩৪ ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহারের সুযোগ থাকবে। এরপর ৩৫তম ওভার থেকে এক বল বেছে নিয়ে বাকি ওভারগুলো তা দিয়েই খেলতে হবে ফিল্ডিং দলকে।
আর যেসব ওয়ানডে ম্যাচ ২৫ ওভার বা তার কমে সীমাবদ্ধ থাকবে, সেখানে পুরো ইনিংসে শুধু একটি নতুন বলই ব্যবহার করা হবে।
সবমিলিয়ে, আইসিসির এই পরিবর্তনগুলো ক্রিকেটের নিয়মকানুনে আরও শৃঙ্খলা আনবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজে ইতিহাসের অংশ হয়ে উঠবে এই নতুন অধ্যায়ের সূচনা।
বিসিবির নথি প্রমাণ করে ফারুকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের অভিযোগ মিথ্যা
ফারুকের বিদায়ে মুখ খুললেন হাথুরুসিংহে