অন্তর্বর্তী সরকারের সময় কয়েক দফা জ্বালানি তেলের মূল্য কমানোর সংখ্যানুপাতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল রবিবার বিকেলে সংগঠনের নবনির্বাচিত কার্যকরী কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী, তাই দেশের বাজারে প্রতি মাসেই জ¦ালানি তেলের দাম কমছে। সরকার কখনো ১ টাকা, কখনো ৩ টাকা হারে মূল্য কমানোর কারণে বাসের ভাড়া কমানোর ক্ষেত্রে গড়িমসি করায় দেশের সাধারণ মানুষ জ¦ালানি তেলের মূল্য কমানোর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
