সাবেক মন্ত্রী মোশাররফের ব্যাংক হিসাবে ৯৯ কোটি টাকা লেনদেন

আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:৩৫ এএম

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৩৫ কোটি ১৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার ব্যাংক হিসাবে ৯৯ কোটি ২১ লাখ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ডলারের বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি করা হয় বলে জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানে ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নামে ৩৯ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৮১২ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৪ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার ৭৩৫ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া গেলেও অবশিষ্ট ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকার সম্পদ অর্জনের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। এ পরিমাণ সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করে নিজ ভোগদখলে রাখেন। এ ছাড়া তার ১৫টি ব্যাংক হিসাবে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ ডলার সন্দেহজনক লেনদেন করা হয়েছে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত