বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় ৬১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে ও ঢাকার রামপুরা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২ জুন) দুপুরে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা রবিবার দিবাগত রাত ১০টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের রহবল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রাইভেটকারে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়নের ইটাপোতা এলাকার মো. মিলন বাবু (২৩), মো. সোহেল রানা (২৬), মো. সুজন বাদশা (২৪)। গ্রেপ্তারকৃত আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলার শিবগঞ্জ থানায় পাঠানো হয়েছে। 

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জয়পুরহাটের পাঁচবিবি থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শ্রী জিৎ রাজভর (৪৮) ঢাকা জেলার রামপুরা থানা এলাকায় অবস্থান করছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৮টায় র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প ও র‍্যাব-৩ ঢাকার শাহজাহানপুর এর যৌথ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শ্রী জিৎ রাজভরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর বন্দর এলাকার বাসিন্দা।  

আসামি শ্রী জিৎ রাজভর মামলার রায় প্রকাশের পর স্থানীয় আত্মীয় স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার শাহজানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, র‍্যাব-১২ বগুড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণে থানায় পাঠানো হয়েছে। জেলায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত