চট্টগ্রামের চন্দনাইশে ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চন্দনাইশ উপজেলা মৎস্য দপ্তর উপজেলার নিবন্ধিত ১৫ জন জেলের মধ্যে প্রত্যককে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ছাগল বিতরণ করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।
এ সময় বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ১৫ জন জেলেকে প্রতিজনকে ২টি ব্ল্যাক বেঙ্গল জাতের স্ত্রী ছাগল, ৭৫ কেজি দানাদার পিলেট খাদ্য, ১ কেজি মিল্ক রিপ্লেসার, ১ কেজি ডিবি ভিটামিন, ২ লিটার লিভার টনিক এবং ০১ বক্স ক্রিমির ট্যাবলেট প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
