কোরবানির ঈদ সামনে রেখে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এতে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে ৫০০ টাকা।
সোমবার (০২ জুন) বিকাল ৪টা ৩৬ মিনিটে ক্যাটল স্পেশাল ট্রেনটি ইসলামপুর বাজার রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে। এ বছর ৩টি ট্রেনে মোট ১২শ গরু জামালপুর থেকে ঢাকায় যাবে বলে জানিয়েছেন ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া।
প্রতি বছরের মতো এবারও ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে প্রথম স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কম হয়। এছাড়াও যানজটের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি থাকে না। অবিক্রিত গরু নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার জন্য ফিরতি ট্রেনের দাবি জানিয়েছে তারা।
ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহিন মিয়া জানান, প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু নেয়া যাবে। প্রতিটি গরুর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫শ টাকা। আজ প্রথম ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ছেড়ে গেছে। তিনটি ট্রেনে ১২শ গরু ঢাকা যাবে। গরু পরিবহনে সুবিধা বেশি পাওয়ায় ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
