সরকারি দপ্তরে তদবিরের অভিযোগ জুলাই আগস্ট মামলার আসামির

আপডেট : ০২ জুন ২০২৫, ১১:৩০ পিএম

জুলাই আগস্টের হত্যা মামলার আসামি হয়েও সরকারি দপ্তরে তদবির করার অভিযোগ উঠেছে মো. ইমরান হোসেন নামে এক ব্যক্তির  বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিতভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং ওয়াসার প্রকৌশলীদের কাছে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেছেন। তদবির করতে তাকে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায়ও দেখা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইমরান হোসেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমি কোনো সরকারি দপ্তরে যাইনি। তবে সিডিএ অফিসে গিয়েছি নানা নাগরিক সুবিধাবঞ্চিতদের পক্ষে অভিযোগ দিতে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়েও গিয়ে অভিযোগ দিয়েছি।’

একাধিক সূত্র জানায়, চট্টগ্রামের জামালখান হেমসেন এলাকার বাসিন্দা ইমরান হোসেন। তার বাবা মোহাম্মদ সোলাইমান নিষিদ্ধ আওয়ামী লীগের জামালখান ওয়ার্ডের সাবেক সেক্রেটারি। ইমরান কখনো নিজেকে যুবলীগকর্মী, কখনো সচিবের ঘনিষ্ঠজন, আবার কখনো ‘প্রধান উপদেষ্টার আত্মীয়’ পরিচয় দেন। দেশ রূপান্তরের কাছেও তিনি জানান, ‘তার বাবার আপন খালাতো ভাই বর্তমান প্রধান উপদেষ্টা’। তবে তথ্যটি যাচাই করা সম্ভব হয়নি।

মামলার তথ্য বলছে, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় যে সশস্ত্র হামলা চালানো হয়েছিল, সেখানে ইমরান সরাসরি অংশ নিয়েছিলেন। মামলায় তিনি ৬২ নম্বর আসামি (মামলা নম্বর: কোতোয়ালী থানা ১৬/৩৭২)। সূত্রগুলো বলছে, ২০২৩ সালের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে দেখা যায়, ইমরানকে সিডিএ ভবনে হাতেনাতে আটক করে মারধর করা হয়।

ইমরান জানান, তিনি বর্তমানের কোনো প্রতিষ্ঠানে কর্মরত নন। তবে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত। আগে একটি সিকিউরিটি প্রতিষ্ঠানে অথরাইজড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত