বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পর্যটন নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে। সীমিত পরিসরে কিছু নির্দিষ্ট এলাকায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট শামীম আর রিনির স্বাক্ষরে জারিকৃত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয়সংক্রান্ত কোর কমিটির গত ৩ জুনের সভার সিদ্ধান্ত এবং বান্দরবান সেনানিবাসের ৬৯ পদাতিক ব্রিগেডের সদর দপ্তরের ৫ জুন তারিখের পত্রের ভিত্তিতে আগামী ৬ জুন ২০২৫ থেকে নির্দিষ্ট কিছু পর্যটন এলাকায় শর্তসাপেক্ষে পর্যটক চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
যেসব স্থানে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া হলো:
থানচি উপজেলা: থানচি থেকে মদকগামী তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়াগামী তমাতুঙ্গি পর্যন্ত এলাকা।
রুমা উপজেলা: রুমা বাজার থেকে বগালেক পর্যন্ত (মুনলাই পাড়া সহ) ভ্রমণের অনুমতি।
নিষেধাজ্ঞা শিথিলের শর্তাবলি:
ক) রুমা ও থানচি উপজেলার অন্যান্য এলাকায় পর্যটকদের যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে—শুধুমাত্র নির্ধারিত স্থানগুলোই খোলা থাকবে।
খ) ট্যুর গাইড হিসেবে অবশ্যই জেলা বা উপজেলা প্রশাসনের অনুমোদিত গাইড থাকতে হবে।
গ) সংশ্লিষ্ট চেকপোস্ট বা পর্যটক তথ্য সেবা কেন্দ্রে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ১৭ অক্টোবর রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় জঙ্গি এবং কেএনএফ বিরোধী যৌথ বাহিনীর অভিযান চলাকালে জেলা প্রশাসন পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর ২০২৫ সালে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হলেও রুমা ও থানচিতে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। দীর্ঘ সময় ধরে এই নিষেধাজ্ঞায় স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।
এবার আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন তারা।
জলবায়ু সংকট মোকাবিলায় ডব্লিউএফপির জরুরি তৎপরতা
ঈদের আগের দিন গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৯০
হাজীদের দোয়া, ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে উজবেকিস্তান