গেল ঈদের মতো এবার ঈদেও যেন দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে সিনেমা হলগুলোতে। নিজেদের পছন্দানুযায়ী দেখছেন সিনেমা। ঈদে মুক্তিপ্রাপ্ত অনেকগুলো সিনেমার ভিড়ে তাণ্ডবের পর আলোচনায় এগিয়ে রয়েছে পারিবারিক গল্পের সিনেমা ‘উৎসব’। শো হাউজফুল যাচ্ছে, ঈদের দিন থেকে আজ তৃতীয় দিনেও রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে সরেজমিনে এমনটাই দেখা গেছে।
পারিবারিক গল্পের কারণে বেশিরভাগ দর্শকই পরিবারসহ সিনেমাটি দেখতে এসেছেন। দেখার পর ‘উৎসব’ ঘিরে উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা গেছে। হল থেকে বেরিয়ে দর্শকরা বলছেন, ‘ভাবতেই পারিনি যে, এত ভালো সিনেমা হবে।’
আরেকজন দর্শক বললেন, ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ছবি, সবার ফ্যামিলি নিয়ে ছবিটি দেখা উচিত। অসাধারণ হয়েছে।’ কেউ কেউ সিনেমাটি দেখে নস্টালজিয়ায়ও ডুবে গেছেন বলে জানিয়েছেন। বললেন, ‘একটা ক্লাসিক কাল্ট সিনেমা। তাণ্ডবের মধ্যে একটা উৎসবের মতো সিনেমা দরকার ছিল।’ হল থেকে বের হতে হতে একজন এও বললেন, ‘উৎসব না দেখলে মনে হবে এই ঈদে আপনি কোনো সিনেমাই দেখেননি।’
‘উৎসব’ ঘিরে এই জমজমাট সাড়ায় অভিভূত এর নির্মাতা তানিম নূর। ‘কাইজার’ খ্যাত এই নির্মাতা বলেন, ‘দর্শকের যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব। উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, যারাই ছবিটি দেখেছেন তারাই ছবিটি নিয়ে কথা বলছেন, মানুষকে জানাচ্ছেন। এটা সত্যি দারুণ।’
এরপর তিনি বললেন, আমরা শুরু থেকেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে আসছি, পরিবার ছাড়া দেখা নিষেধ। যারাই আসছেন তারা পরিবার নিয়েই ছবিটি দেখতে আসছেন এবং উপভোগ করছেন।
ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।
শমিত কি খেলবেন সিঙ্গাপুরের বিপক্ষে
নিজ এলাকা মুরাদনগর সফরে উপদেষ্টা আসিফ মাহমুদ