‘সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল’ শুরু আজ, কারা থাকছেন বিচারক

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

বিশ্বখ্যাত স্বাধীন চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ‘সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল’, যা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি বিশাল প্ল্যাটফর্ম এবং আমেরিকার সবচেয়ে প্রভাবশালী উৎসবগুলোর একটি। আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে  আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের উটাহ স্টেটের পার্ক সিটি ও সল্ট লেক সিটিতে সরাসরি এবং অনলাইনে অনুষ্ঠিত হবে এবারের উৎসব।

এবারের জুরি বোর্ডে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র আন্দোলনের প্রতিনিধিত্ব স্পষ্ট। অভিনেত্রী তাতিয়ানা মাসলানি, নির্মাতা নিশা গনাত্রা, ডকুমেন্টারি কিংবদন্তি জেনি লিভিংস্টনের মতো নামগুলো উৎসবের কিউরেটোরিয়াল গুরুত্ব বাড়িয়েছে।

২০২৬ সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের জুরি সদস্যরা হলেন- যুক্তরাষ্ট্রের ড্রামাটিক প্রতিযোগিতা বিভাগে: জ্যানিচা ব্রাভো, নিশা গানাত্রা ও আজাজেল জ্যাকবস; যুক্তরাষ্ট্রের ডকুমেন্টারি প্রতিযোগিতা বিভাগে: নাটালিয়া আলমাদা, জাস্টিন চ্যাং ও জেনি লিভিংস্টন; ওয়ার্ল্ড সিনেমা ড্রামাটিক প্রতিযোগিতা বিভাগে: আনা কাটজ, সো ইয়ং কিম ও তাতিয়ানা মাসলানি; ওয়ার্ল্ড সিনেমা ডকুমেন্টারি প্রতিযোগিতা বিভাগে: টনি কামাউ, বাও গুয়েন ও কার্স্টেন শ্যাফার; শর্ট ফিল্ম প্রোগ্রাম প্রতিযোগিতা বিভাগে: লিভ কনস্টেবল-ম্যাক্সওয়েল, এ.ভি. রকওয়েল ও মার্টিন স্টার; এবং নেক্সট বিভাগে: জন কুপার ও ট্রেভর গ্রোথ।

আলফ্রেড পি. স্লোন ফিচার ফিল্ম প্রাইজের জুরি সদস্যরা হলেন: সোফি বার্তেস, ড. হেদার বার্লিন, ড. আন্দ্রেয়া ঘেজ, আরি হ্যান্ডেল ও নিকোল পার্লম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত