ফের হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম শুরু

আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৩২ এএম

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের ভিসা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে আদালত। এ রায়ের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বের সব যুক্তরাষ্ট্রের মিশন ও কনস্যুলারগুলোতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এক কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, অস্থায়ী স্থগিতাদেশ অনুযায়ী এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুরোধে দেওয়া এই আদেশে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যালিসন বারোজ ট্রাম্পের ঘোষণাকে স্থগিত করেন এবং বলেন, বিষয়টি নিয়ে সামনে শুনানি হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

হার্ভার্ডে পড়াশোনা করতে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিষিদ্ধ করার পক্ষে যুক্তি হিসেবে জাতীয় নিরাপত্তার কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়টির ওপর বহুমুখী চাপ প্রয়োগ করে আসছেন তিনি। যার মধ্যে রয়েছে কয়েক বিলিয়ন ডলারের অনুদান ও অন্যান্য তহবিল স্থগিত করা। হার্ভার্ডের দাবিÑ ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পন্থায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পাঠ্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের মতাদর্শ নিয়ন্ত্রণ করতে রাজি না হওয়ায় তারা রোষানলে পড়েছে। নতুন নির্দেশিকা জারির আগে সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন ভিসা বিধিমালা ক্রমশ কঠোর করে তুলেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছে। এই স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রে তাদের শিক্ষাগত স্বপ্ন পূরণের আশায় থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন- ট্রাম্প প্রশাসন আবেদনকারীদের অনলাইন কার্যকলাপ, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তাদের তদন্ত আরও বাড়ানোর পরিকল্পনা করছে। এই ঘোষণাটি নিরাপত্তাব্যবস্থা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী ব্যক্তিরা যাতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি না হন তা নিশ্চিত করার একটি বৃহত্তর উদ্যোগের অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত