ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে হওয়া বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের নতুন অফিস বেয়ারার নির্বাচন আগামীকাল শনিবার। ওইদিন পর্ষদের ৩৫ জন নির্বাচিত পরিচালক থেকে একজন সভাপতি ও সাতজন সহসভাপতি অফিস বেয়ারার নির্বাচিত হবেন। এর আগে আগ্রহী পদপ্রার্থীরা মনোনয়ন সংগ্রহ ও জমা দেবেন। পরে নির্বাচন পরিচালনা বোর্ড মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।
তবে চূড়ান্ত তালিকায় কোনো পক্ষ আপিল না করলে বা একই পদে একাধিক পদপ্রার্থী না থাকলে নির্বাচন বোর্ড মনোনয়ন দাখিল করা প্রার্থীদের অফিস বেয়ারার পদে নির্বাচিত ঘোষণা করবে এবং বিজয়ী পদপ্রার্থীরা দায়িত্ব গ্রহণ করবেন।
জানা গেছে, বিজিএমইএ ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সংশ্লিষ্ট শিল্প-মালিকদের জোট ফোরাম। ৩৫টি পরিচালক পদের মধ্যে ঢাকায় ২৬ জনের মধ্যে ২৫ এবং চট্টগ্রামের ৯ জনের মধ্যে ৬ জন ফোরামের মনোনীত পদপ্রার্থী জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র চারজন। এর মধ্যে ঢাকা থেকে একজন এবং চট্টগ্রাম থেকে তিনজন। বিজয়ী পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফোরাম জোটের দলনেতা রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। আর চট্টগ্রামে বেশি ভোট পেয়েছেন ফোরাম পদপ্রার্থী সেলিম রহমান। ফোরাম সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মাহমুদ হাসান খানের বিজিএমইএর পরবর্তী সভাপতি হওয়াটা অনেকটা নিশ্চিত।
নির্বাচন পরিচালনা বোর্ডের তথ্যমতে, এবার ১ হাজার ৮৬৪ জন ভোটারের মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ এবং চট্টগ্রামে ৩০৩ জন। এর মধ্যে ঢাকা অঞ্চলে ১ হাজার ৩৭৭ জন বা ৮৮ দশমিক ২১ শতাংশ এবং চট্টগ্রাম অঞ্চলের ২৫৪ জন বা ৮৩ দশমিক ৮৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
