তিন জেলায় সংঘর্ষে আহত ৫২ ককটেল বিস্ফোরণ-গুলি

আপডেট : ১৪ জুন ২০২৫, ০১:০৬ এএম

মাদারীপুরে বিয়েবাড়িতে নাচ-গান নিয়ে হাতাহাতির জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয় দোকানপাট ও বসতবাড়ি। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়ার দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মস্তফাপুর ইউনিয়নের উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে যায় মস্তফাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাগর বেপারি (সাগর মেম্বার) গ্রুপ ও উত্তর খাগছাড়া গ্রামের হাকিম কাজী গ্রুপের দুই দল কিশোর। এ সময় উপস্থিত মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে ওই দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে গত বৃহস্পতিবার বিকেলে উভয়পক্ষের লোকজনসহ উত্তর খাকছাড়া নতুন বাজারে সালিশ মীমাংসার জন্য বসেন। এ সময় উভয়পক্ষের লোকজন উত্তেজিত হয়ে যায়। একপর্যায়ে উত্তর খাগছাড়া ও সুচিয়ার ভাঙ্গা দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে পরিস্থিতি অনুকূলে আছে। এ ঘটনায় অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সুদের টাকাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। জানা গেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক দাড়িয়া সুদে টাকা নেয়। সেই টাকা সময়মতো সুদ সমেত না দেওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি শান্ত করে। কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের অন্ধকারে টর্চলাইটের আলোতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। জানা যায়, উপজেলার বুধন্তী গ্রামের চমক মিয়া ও মিজানুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার  রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এতে অন্তত ২০ জন আহত হয়। আহতদের পাশের মাধবপুর উপজেলা ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত