রূপগঞ্জে ব্যবসায়ী খুন

আসামিদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ১৪ জুন ২০২৫, ০১:০৬ এএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে ছাড়াতে গিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মামুন মিয়া নামে এক মুদি ব্যবসায়ী নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে তার স্বজন, বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।  

অন্যদিকে, এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দল। সে সময় মাহবুবুর রহমান এ হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

এর আগে, গত মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভুলতা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটকে রেখে যুবদল নেতা বাদল ভুঁইয়ার লোকজন ও এলাকাবাসী গণপিটুনি দিয়ে হাত-পা ভেঙে দেয়। তাকে ছাড়াতে গিয়ে যুবদল নেতা বাদল ভুঁইয়া গ্রুপ ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মুদি ব্যবসায়ী মামুন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত