জামালপুরে ঢাক-ঢোল পিটিয়ে সাত পরিবারকে সমাজচ্যুত

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:১৪ এএম

জামালপুর পৌর শহরের দাপুনিয়া এলাকায় ঢাক-ঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে সাত পরিবারকে সমাজচ্যুত করাসহ বাড়ি থেকে বের হলেই আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। ঝগড়া বিবাদে গ্রাম্য সালিশির সিদ্ধান্ত অমান্য করায় এই ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরের দিকে ইসমাইল মৌলবী নামে এক ভুক্তভোগী জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গতকাল শুক্রবার (১৩ জুন) রাত ১১ টা দিকে মাইকে ঘোষণা দিয়ে সমাজচ্যুত করা হয়। 

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, শুক্রবার (১৪ জুন) দুপুরের দিকে পৌর শহরে দাপুনিয়া এলাকার মো.মন্টু (৪২) ও মো. মুনছুর (৪৫) সাথে ঝগড়া বাঁধে। ওই ঘটনা মিমাংসার জন্য ওইদিন রাত ৮ টার দিকে দাপুনিয়া পশ্চিম পাড়া বকুল তলা মোড়ে সালিশের আয়োজন করা হয়। শামিম আহমেদ ও আমিনুল ইসলামসহ স্থানীয় কয়েকজন মাতাব্বর সালিশের নামে মো.মুনছুর মিয়ার কাছে ৫০ হাজার টাকা জরিমানা দাবি করেন। জরিমানার দাবিকৃত টাকা দিতে অপরাগত জানালে মুনছুর মিয়ার সাত পরিবারকে সমাজচ্যুত করার হুমকি দেন। পরে দিন ওই রাত ১১ টার দিকে মধ্যযুগীয় কায়দায় ঢাক-ঢোল পিটিয়ে ও মাইকিং করে সাত পরিবারের নাম ঘোষণা করেন। সমাজচ্যুত পরিবারের সাথে সমাজের কোনো মানুষ উঠা-বসা ও লেনদেন করতে পারবেন না।  যদি সমাজের কোনো মানুষ উঠা-বসা ও লেনদেন করে তাহলে তাদেরকেও সমাজচ্যুত করা হবে। এছাড়াও ওই সাত পরিবারের মানুষকে মসজিদ-মাদ্রাসা, স্কুল, দোকান, বাজারে প্রকাশ্যে রাস্তা ঘাটে চলা ফেরা করতে দেখলে মানুষ ও ঘরবাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা বলেন, ‘টাকা না দিতে না চাওয়ায় সাত পরিবারকে ঢাক-ঢোল পিটিয়ে মাইকে ঘোষণা দিয়ে সমাজচ্যুত করা হয়েছে। এ সময় মাইকে বলা হয় মসজিদ, দোকান, স্কুল, বাজার ও প্রকাশ্যে রাস্তা ঘাটে চলা ফেরা করতে দেখলে পরিবারের মানুষ ও ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আমারা এখন বাড়ি থেকে বের হতে পারছি না। এ নিয়ে আমাদের একজনের বিয়ে ও ভেঙে গেছে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাদেরকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো.সালেহীন আশেকীন বলেন, ‘এ ঘটনা জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত