স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়ে নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে। কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যে সময় নির্বাচন হবে, সে সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটির জন্য আমরা প্রস্তুত রয়েছি।
গতকাল শনিবার বিকেলে র্যাব-১ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করে তিনি বলেন, মাঠপর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না। এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপ্রীতিকর ঘটনাগুলো যাতে কমিয়ে আনা যায় সে চেষ্টা করছে সরকার। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি। এ প্রেক্ষাপটে সামনের এই আট মাসে নির্বাচনে প্রোটেকশন দেওয়া কীভাবে সম্ভব? জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের ছোটখাটো ঘটনা সবসময় ঘটে। আপনারা যদি ৫৩ বছরের ইতিহাস দেখে থাকেন তাহলে বুঝবেন এই রকম ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে। এসব ঘটনা ঘটে দেখেই তো আমাদের এই বাহিনী রয়েছে। যদি কোনো কিছু না হতো তাহলে তো আমাদের এই বাহিনীরই দরকার হতো না।
গত ৪ মাসে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সারা বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে ৩৫০টির বেশি। এই যে খুনের ঘটনা বাড়ছে, এ বিষয়ে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হচ্ছে। এটা আপনারাও বলছেন। এই ঘটনাগুলো যতটা কমিয়ে আনা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুএকটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।
