রাজধানীর নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেলের একটি কক্ষ থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামের এক ব্যাংকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অগ্রণী ব্যাংকে চাকরি করতেন তিনি।
রবিবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে হোস্টেলের ৩য় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে নিউমার্কেট থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) হোসনে মোবারক জানান, হোস্টেল কর্তৃপক্ষের খবরে ঘটনাস্থলে গিয়ে সেখানে কক্ষের ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, নিজের পরিহিত ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে পেচিয়ে গলায় ফাঁস দেওয়া ছিলেন।
এসআই আরও জানান, নারীর বাড়ি বরিশাল সদর উপজেলার পলাশপুর গ্রামে। বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। তিনি ঢাকা জেলার দোহারে অগ্রণী ব্যাংকে চাকরি করতেন। আত্মহত্যার কারণ জানা যায়নি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর বিস্তারিত জানা যাবে।
পিকনিকের নৌকা থেকে নদীতে স্কুলছাত্র, ২৪ ঘণ্টা পর ভেসে উঠল লাশ