মসজিদে হারামে কোরআনের ঐতিহাসিক পা-ুলিপির প্রদর্শনী শুরু হয়েছে। এর উদ্দেশ্য হলো, হজযাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা, কোরআনের দিকনির্দেশনা এবং ইসলামের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়া। এই আয়োজনটির উদ্বোধন করেছে মসজিদে হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি। প্রদর্শনীটি কোরআনের বৈশ্বিক তাৎপর্য তুলে ধরছে এবং সহনশীলতা, মধ্যপন্থা ও ভারসাম্যের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালাচ্ছে। ধর্মবিষয়ক প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস সৌদি প্রেস এজেন্সিকে বলেন, এই প্রদর্শনী কোরআনের বার্তা জোরালোভাবে তুলে ধরছে এবং সৌদি নেতৃত্বে পবিত্র কোরআনের সেবা এবং এর জ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন। প্রদর্শনীটি লাখ লাখ হজযাত্রীর জন্য একটি বিরল সুযোগ এনে দিয়েছে, যেখানে তারা এক হাজার বছরেরও বেশি পুরনো কোরআনের দুষ্প্রাপ্য ও প্রাচীন পান্ডুলিপি দেখতে পারছেন।
×
