দীর্ঘ ছুটির পরও ব্যাংকে গ্রাহকের ভিড় নেই

আপডেট : ১৬ জুন ২০২৫, ১২:০৭ এএম

কোরবানির ঈদ উপলক্ষে ১০ দিন ব্যাংক বন্ধের পর প্রথম কার্যদিবস ছিল গতকাল রবিবার। এদিন দেশের সবগুলো ব্যাংকই খোলা ছিল এবং নির্ধারিত সময়ে লেনদেন শুরু হলেও ব্যাংকে গ্রাহকের উপস্থিতি ছিল একেবারেই কম।

ঢাকার মতিঝিল, গুলশান, রামপুরা, কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি স্থানের ব্যাংকের শাখাগুলোয় খোঁজ নিয়ে জানা যায়, কর্মকর্তাদের বেশিরভাগই ব্যাংকে এলেও কার্যক্রমে ছিল একেবারেই ঢিলেঢালা ভাব। ব্যাংকে গ্রাহকের উপস্থিতি কম থাকায় কর্মকর্তারাও খানিকটা ঢিলেঢালাভাবে অফিস করেছেন। তারা নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় ব্যাংক বন্ধ থাকলেও প্রথম খোলার দিনে যে ধরনের ভিড় হওয়ার কথা, তা দেখা যায়নি।

ব্যাংকাররা জানান, ঈদের আগে টাকা উত্তোলন এবং নতুন টাকা নেওয়ার জন্য গ্রাহকের যে চাপ ছিল, এখন সেটা নেই।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে একটানা ১০ দিন বন্ধ ছিল। স্বাভাবিক পরিস্থিতিতে নিকট অতীতে একটানা ১০ দিন ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধের নজির নেই। ব্যাংক বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যেও এক ধরনের স্থবিরতা নেমে এসেছে।

ব্যাংক বন্ধের সময় মূলত গ্রাহকরা এটিএম থেকে টাকা উত্তোলন করেন। কিন্তু এবার বন্ধের মধ্যে অনেক গ্রাহক এটিএম থেকে প্রয়োজনীয় সেবা পাননি বলে অভিযোগ রয়েছে। কারণ বেশিরভাগ ব্যাংক তাদের নিজেদের গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের গ্রাহকদের জন্য এটিএম সেবা সীমিত করে দিয়েছিল, কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে এ সেবা এখনো সীমিত রাখা হয়েছে। এ কারণে এটিএম থেকে অনেকে টাকা তুলতে পারেননি। তবে অনলাইন বা ইন্টারনেটভিত্তিক লেনদেন চালু ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত