টানা ১০ দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার সকাল থেকে পুনরায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়। লম্বা ছুটির কারণে বন্দরে সৃষ্টি হয়েছে পণ্যজট। চার হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছে। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন ও খালাস দিতে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, গতকাল সকাল আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও ফিরেছে কর্মব্যস্ততা। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সঙ্গে সংশিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর শ্রমিকরা। লম্বা ছুটির কারণে বন্দরে জমেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করবে পণ্যজট।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন জানান, ঈদের লম্বা ছুটি থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। তবে আগের বছরগুলোয় ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ভারতে গেলেও এ বছর যাত্রীদের তেমন কোনো চাপ নেই।
