শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হতে যাচ্ছে টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং স্পিনার থারিন্দু রত্নায়েকের।
সদ্যই শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেটার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) নতুন চক্র। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে খেলা। তবে আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের প্রথম তিন দিনে ভারী বর্ষণের কথা বলা হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে বাংলাদেশের কোনো জয় ছিল না। দ্বিতীয়বার এক ম্যাচ জিতলেও তারা ছিল তলানিতেই। তবে সদ্য সমাপ্ত ২০২৩-২৫ চক্রে নিউ জিল্যান্ড, পাকিস্তান (দুবার) ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাত নম্বরে থেকে শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মমিনুল হক, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, নাঈম হাসান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েক, প্রবাথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো।
ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণ করায় ৪ জনের কারাদণ্ড
চ্যাম্পিয়নশিপে ৪ দিনের টেস্ট চালুর পথে আইসিসি, বাড়তে পারে 'ছোট' দলের ম্যাচ