জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক শুরু হয়েছে। গতকাল সোমবার কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজকের আলোচনায় তিনটি বিষয় গুরুত্ব পাবে। এগুলো হলো: পূর্বের অসমাপ্ত আলোচনার সমাধান, যার মধ্যে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, ও নারী প্রতিনিধিত্ব; দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা; এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া। আলোচনার শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। এরপর রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন।
জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল সংবিধান সংশোধনের জন্য। এটির নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হয়। ২০ মার্চ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ১৯ মে পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি অধিবেশনে আলোচনা সম্পন্ন করেছে কমিশন।
প্রথম পর্যায়ের আলোচনায় অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও কিছু মৌলিক সংস্কার প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। ২ জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরের দিন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলাকালে ঐ অধিবেশন মুলতবি হয়। সেই মুলতবি বৈঠক এখন পুনরায় শুরু হচ্ছে।
বুধবার ও বৃহস্পতিবারও আলোচনা চলবে, তবে ওই দুই দিনের আলোচ্যসূচি পরবর্তীতে জানানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ধলেশ্বরীতে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার
ইরানের বিরুদ্ধে কী সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন ট্রাম্প?