জামায়াত-এনসিপির মন খারাপ, জনগণ খুশি: এমরান সালেহ প্রিন্স

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:৪৯ পিএম

লন্ডনে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপ নিয়ে জনমনে আশা জাগলেও জামায়াত ও এনসিপির মতো দলগুলোর মন খারাপ—কারণ তারা যে নির্বাচন ছাড়া ক্ষমতার স্বাদ পাবে, সেই সময় ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বুধবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তঘেঁষা ঘোষগাঁও ইউনিয়নের শের-ই-বাংলা উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পূরো অনুষ্ঠানজুড়ে ছিল টানা বৃষ্টি। তবে তা ঠেকাতে পারেনি নেতাকর্মীদের ঢল। প্রিন্সের ভাষায়, "নির্বাচন ছাড়াই ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা লন্ডনের বৈঠকে ব্যর্থ হয়েছে।" তিনি আরও বলেন, "নির্বাচনের ঘন্টা ইতিমধ্যেই বেজে গেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচনই একমাত্র পথ।"

বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, "লন্ডন বৈঠকে যাঁদের মন খারাপ হয়েছে, তাঁদের বলব—দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এই আলোচনার সুবাতাস নিজের গায়ে লাগান। তাতে আমাদের সবার মঙ্গল হবে, গণতন্ত্র ফিরে আসবে।"

চব্বিশ সালের গণ-আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপির ওপর জনগণের প্রত্যাশা যেমন বেশি, তেমনি আমাদের দায়িত্ব ও চ্যালেঞ্জও অনেক। জনপ্রিয়তা ধরে রেখে অঙ্গীকার বাস্তবায়নে দলকে প্রস্তুত থাকতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আনিসুর রহমান মনিক।

বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন।

আবু ওয়াহাব আকন্দ বলেন, "সাংগঠনিক কাজের পাশাপাশি ধানের শীষের প্রচার চালাতে হবে। নির্বাচন ও সংস্কার নিয়ে তৈরি অচলাবস্থা ও অনিশ্চয়তা কেটে গেছে।"

মোতাহার হোসেন তালুকদার বলেন, “যারা নানা অজুহাতে বিএনপিকে ঠেকাতে চায়, জনগণ তাদের ঠেকিয়ে দেবে। আওয়ামী লীগ বিএনপিকে শেষ করতে গিয়ে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে।”

বৃষ্টিস্নাত সমাবেশে ঘোষগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ বাদ্য বাজিয়ে শ্লোগানমুখর মিছিল নিয়ে অংশ নেন। আদিবাসী নারী-পুরুষসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মী সমাবেশ একপর্যায়ে জনসমাবেশে রূপ নেয়। সুশৃঙ্খলভাবে ছাতার নিচে দাঁড়িয়ে উপস্থিত জনতা নেতাদের বক্তব্য শোনেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত