কুমিল্লায় জমি নিয়ে বিরোধ, কৃষক ও গৃহবধূকে কুপিয়ে আহত

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:৩১ পিএম

কুমিল্লার লাকসামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ষোলাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষকের নাম রফিক মিয়া (৬৫)। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী জাহানারা বেগম (৫০), পুত্রবধূ সুমাইয়া আক্তার (২০) এবং ৮৫ বছর বয়সী মা রজ্জবের নেছাও আহত হয়েছেন। তারা লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

রফিক মিয়ার ছেলে মো. ফারুক জানান, প্রতিবেশী রফিকুল ইসলামের (৫০) সঙ্গে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা আছে। অভিযোগ, প্রতিপক্ষের লোকজন প্রায়ই হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাঠ থেকে বাড়ি ফেরার সময় একা পেয়ে রফিক মিয়ার ওপর হামলা চালানো হয়।

 ফরুক আরও বলেন, রফিকুল ইসলাম, তার স্ত্রী মিনারা আক্তার (৪৫) এবং তিন মেয়ে পপি আক্তার (২২), ফারজানা আক্তার (২০) ও ফারিয়া (১৭) ধারালো অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। চিৎকার শুনে রফিক মিয়ার স্ত্রী, পুত্রবধূ ও বৃদ্ধা মা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। এ সময় তাদের পরনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা জাহানারা বেগমকে পানিতে ডুবিয়ে হত্যারও চেষ্টা করেন বলে দাবি পরিবারের সদস্যদের। 

অভিযুক্ত রফিকুল ইসলামের মোবাইলে কল দিলে তার স্ত্রী মিনারা আক্তার বলেন, আমাদেরকেও মেরেছে। আমরা এখন হাসপাতালে আছি।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, রফিক মিয়ার ছেলে ফারুক বাদী হয়ে বুধবার রাতে একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত