ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের পাশে থেমে থাকা একটি প্রাইভেটকারের চাকা খারাপ হয়ে গেলে চালক তা মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় তার সহকারী রাস্তার পাশে দাঁড়িয়ে সিগনাল দিচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস এসে পেছন থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এরপর মাইক্রোবাসটির পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস এসে সেটিকে সজোরে আঘাত করে।
এই ত্রিমুখী সংঘর্ষে প্রাইভেটকারের পাশে থাকা চালকের সহকারী গুরুতর আহত হন এবং আরও চারজন যাত্রী আহত হন। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ঘন্টাখানেক যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
