দেবাশীষ পাল পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত

আপডেট : ২২ জুন ২০২৫, ১২:৩০ এএম

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সম্প্রতি ড. দেবাশীষ পাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) চলতি দায়িত্বের পদে নিয়োগ পেয়েছেন। সদস্য পদে নিযুক্ত হওয়ার আগে তিনি পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

ড. দেবাশীষ পাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে পদার্থ বিজ্ঞানে বিএসসি (সম্মান) এবং ১৯৮৮ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালের ২৩ জানুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। ড. দেবাশীষ বিভিন্ন পদে পদোন্নতি পেয়ে ২০১২ সালে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন।

তিনি কমিশনে যোগদানের পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলেন। তিনি হেল্থ ফিজিক্স অ্যান্ড রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের বিভাগীয় প্রধান এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক আয়োজিত ফেলোশিপ, প্রশিক্ষণ, কনফারেন্স, মিটিংয়ে অংশগ্রহণের লক্ষ্যে কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, হাঙ্গেরি, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এমএসসি গবেষণা প্রবন্ধের (থিসিস) কাজে তত্ত্বাবধান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত