পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রমে টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট নিরীক্ষক। কোম্পানির ২০২৩-২৪ অর্থবছরের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় এমন শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। এর ভিত্তিতে কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এ-সংক্রান্ত কমিশনের চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকে পাঠানো হয়েছে।
জানা গেছে, বিগত আওয়ামী সরকার আমলে কোম্পানিটি আইন লঙ্ঘন করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ক্ষমতার পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে পুনর্গঠিত বিএসইসির নতুন কমিশন কোম্পানিগুলোর বিরুদ্ধে অনিয়ম খুঁজতে কঠোর ব্যবস্থা নিয়েছে।
বিএসইসির তদন্তের আদেশে বলা হয়েছে, পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩০ জুন ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সংশ্লিষ্ট নিরীক্ষিক বেশ কিছু বিষয়ে আপত্তি বা মতামত জানিয়েছে। ওই মতামতের ভিত্তি কোম্পানিটির সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করা প্রয়োজন বলে মনে করে কমিশন।
অতএব, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর রুল ১৭ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫-এর রেগুলেশন ৫৪(১)-এর অধীনে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রমের বিষয়গুলোর ৩০ কার্যদিবসের মধ্যে একটি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে পরিদর্শন প্রতিবেদন কমিশনে দাখিল করার নির্দেশ দেওয়া হলো।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ৮৪৪ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি। চলতি বছর ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে ৭ দশমিক ৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬ দশমিক ২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে। গতকাল রবিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯ দশমিক ৭০ টাকায়।
