নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত ২

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:২১ এএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় কুদ্দুস মিয়া ও মেহেদী নামে দুজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। গত শনিবার রাতের এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন শান্ত, রবিন, সোহেল, কবির ও ফাহিম।

স্থানীয়রা জানায়, বন্দর রেললাইন এলাকার অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে গত কয়েক দিন ধরে বাবু-মেহেদী এবং রনি-জাফর পক্ষের মধ্যে মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে আসছিল। তারা সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা এবং সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের পক্ষের কর্মী।

শনিবার রাত ৮টার দিকে বাবু-মেহেদীর নেতৃত্বে তাদের লোকজন জাফর-রনির সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে বাবু-মেহেদীর লোকজন কুদ্দুসকে

(৬০) ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজুদ্দৌলা ক্লাব মাঠ দিয়ে মেহেদী ও তার লোকজন যাওয়ার পথে রনি-জাফর গ্রুপের লোকজন ধাওয়া দিয়ে মেহেদীকে (৪৫) ধরে মারধর ও ছুরিকাঘাতে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যার হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে গতকাল রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। ঘটনাস্থলে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, ‘মেহেদী ও রনি ছিল আপন ভাইয়ের মতো। তারা আমার সঙ্গে বিগত দিনে কর্মী হিসেবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিল। এ ছাড়া তাদের বাড়ি যেহেতু সাবেক কাউন্সিলর হান্নান সরকারের বাড়ির পাশে, তাই তারা আগে হান্নান সরকারের সঙ্গেও বিএনপির মিছিল-মিটিংয়ে উপস্থিত থাকত। কিন্তু তাদের মধ্যে কোথা থেকে কী হয়ে গেল সেটা আমার বোধগম্য না। আমার ধারণা তাদের মাঝখানে কিছু খারাপ ছেলে প্রবেশ করে এসব ঘটনা ঘটিয়েছে।’

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের জেরে ছুরিকাঘাতে কুদ্দুস ও মেহেদী নামে দুজন নিহত হয়েছেন। দুজনের লাশ ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে দাফন করা হয়েছে। নিহতদের পরিবার মামলা করবেন বলে জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত