তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় বাজারের অন্তত ১০টি দোকান ভাংচুর করা হয়। সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বালুচর বাজার চৌরাস্তায় মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টেঁটাবিদ্ধসহ আহতদের বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুচর বাজারে মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন বেপারীর (৩২) ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এতে সোমবার দুপুরে সিরাজদীখান পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বকেয়া বিল চাইতে গেলে শাহীন বেপারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় খাসমহল গ্রামের আনোয়ার সরদারের ছেলে সুলতান সরদার (৪০) বিদ্যুৎ কর্মকর্তার পক্ষ নেন। একপর্যায়ে সুলতান সরদার ও শাহীন বেপারীর মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এ খবর মোল্লাকান্দি ও খাসমহল গ্রামে ছড়িয়ে পড়ে। পরে ওই দুই গ্রামবাসী সংঘর্ষে ঝড়ায়।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছেন প্রায় ১৫ জন। এদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হন।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসক ও এইচআরএসএস’র নিন্দা ও উদ্বেগ
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনের দাবি ইবি ছাত্রদলের