সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ করার মামলায় স্বেচ্ছাসেবক দলের তিনজনকে জামিন দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ উভয়পক্ষের শুনানি শেষে ৫০০ টাকা করে মুচলেকায় আগামী ২৮ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া তিনজন হলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ এবং একই থানার যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম।
জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত রবিবার সাবেক তিন নির্বাচন কমিশনের পদাধিকারীদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলা হওয়ার কয়েক ঘণ্টা পর উত্তরার বাসা থেকে সাবেক সিইসি নূরুল হুদাকে আটক করে হেনস্তা করে কয়েকজন। আটকের সময় তারা নূরুল হুদার ওপর চড়াও হন। তার গলায় জুতার মালা পরানো হয়। হেনস্তার দৃশ্য সারা দেশে ফেসবুকে ভাইরাল হয়। পরে নুরুল হুদাকে হেফাজতে নিয়ে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গত সোমবার তাকে ঢাকার একটি আদালতে তুলে চারদিনের রিমান্ডে পাঠানো হয়।
