সরকার বা নিজেকে ঘিরে ছড়ানো অসত্য তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর ভাষায়, “ভয়াবহ মিথ্যাচার চলছে, কিন্তু মামলা তো দূরের কথা, সরকার প্রতিবাদ পর্যন্ত করে না।”
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের আয়োজনে বিশেষ সংলাপে বক্তব্য রাখতে গিয়ে এসব বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘আমাকে ঘিরে ভয়ংকর সব গুজব ছড়ানো হয়। সরকারের বিরুদ্ধেও চলছে লাগাতার মিথ্যাচার। অথচ এসবের বিরুদ্ধে মামলা করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে বহু অন্যায় তদবির আসে। যখন তা গ্রহণ করি না, তখনই অপমান আর গালাগাল শুরু হয়। আমাকে ভারতের দালাল বানানো হয়। এসব গুজব ও অপপ্রচারের বিচার জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি।’
বিচার বিভাগ ও পুলিশের ক্ষেত্রেই সবচেয়ে বেশি সংস্কার দরকার বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘বিচারব্যবস্থাকে উন্নত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ধাপে ধাপে আদালতকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রামের দুটি আদালতে এই প্রক্রিয়া চালু হয়েছে।’
ভুয়া মামলার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘দেশে প্রচুর মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হন। এটা বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব মামলায় অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।’
মিথ্যা মামলার পেছনে ব্যক্তিগত স্বার্থও ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘অনেকেই নিজের সুবিধার জন্য ভুয়া মামলা করে থাকেন।’
সাংবাদিকদের ওপর দায়ের হওয়া মামলার প্রসঙ্গে আসিফ নজরুল জানান, ‘২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন মাত্র ১৫ জন। মামলা দায়েরের বিষয়ে সরকারের করণীয় নেই। যারা মামলা করে, তারা মিথ্যা বললেও পুলিশ তা ঠেকাতে পারে না।’
সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয় না। বিচারকেরাই সিদ্ধান্ত নেন। কেন জামিন হচ্ছে না, সেটা বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টরাই ব্যাখ্যা দিতে পারবেন।’
ভিসাপ্রার্থীদের সোশ্যাল মিডিয়া নিয়ে যা বলল মার্কিন দূতাবাস
মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে