করোনা মোকাবেলায় প্রস্তুত চসিকের জেনারেল হাসপাতাল

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৫:২৭ পিএম

করোনা মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জেনারেল হাসপাতাল (মেমন হাসপাতাল-২)-এ। এই হাসপাতালে ১৫ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার ও র‌্যাপিড এন্টিজেন টেস্ট কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নগরের আলকরণ এলাকায় অবস্থিত হাসপাতাল ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, হাসপাতালের তৃতীয় তলায় স্থাপিত আইসোলেশন সেন্টারে ১৫টি শয্যার মধ্যে ১০টি পুরুষ ও ৫টি নারী রোগীর জন্য নির্ধারিত। ভবিষ্যতে এই শয্যা সংখ্যা ২০-এ উন্নীত করা হবে বলে জানান তিনি।

মেয়র বলেন, এই সেন্টারে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসক, নার্স ও স্টাফ সদস্য নিয়োজিত রয়েছে। রোগীদের প্রাথমিক অবস্থায় র‌্যাপিড এন্টিজেন টেস্ট ও জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে।

করোনা প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা। আমরা আগেও একসাথে এই সংকট মোকাবেলা করেছি, এবারও পারব ইনশাআল্লাহ।

সম্প্রতি করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের ভয়াবহতা প্রসঙ্গে তিনি জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত প্রায় ১০০ জন আক্রান্ত ও ৬ জনের মৃত্যু হয়েছে। অমিক্রন ডেলটার চেয়েও বিপজ্জনক হয়ে উঠছে, কারণ অনেক ক্ষেত্রে উপসর্গ না থাকলেও শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। 

তিনি বলেন, উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করতে হবে। প্রয়োজনে এই সেন্টারে এসে আইসোলেশনে থাকতে হবে। গুরুতর রোগীদের ভেন্টিলেটর সুবিধাসম্পন্ন হাসপাতালে রেফার করা হবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের উদ্যোগ প্রসঙ্গে মেয়র বলেন, শুধু করোনা নয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধেও আমরা সক্রিয়। এখানে ডেঙ্গুর জন্য আলাদা এন্টিজেন টেস্ট ও চিকিৎসা চালু আছে।

নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এডিস মশার লার্ভা ধ্বংসে প্লাস্টিক, ডাবের খোসা, টব ও নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। শুধু শহর নয়, নিজ ঘরও আমাদের পরিষ্কার রাখতে হবে। মশক নিধনে চসিকের চলমান অভিযানে ক্লাব ও স্থানীয় সংগঠনগুলোকে মেশিন ও ওষুধ সহায়তা দেওয়া হচ্ছে।

জীবাণুনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ২০২০ সালে আমি প্রথম বলেছিলাম—ভাইরাল ডিজিজ প্রতিরোধে ০ দশমিক ৫ শতাংশ ক্লোরিন সলিউশন কার্যকর। বাসা, রাস্তা ও হাসপাতাল পরিষ্কারে এটি ব্যবহার করলে অনেক রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

অনুষ্ঠানে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.  ইমাম হোসেন রানা, ডা. হোসনা আরা বেগম, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডা. বেলায়েত হোসেন ঢালি, ডা. এস এম সারোয়ার আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত