বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি পরীক্ষার হলে শিক্ষককে অভিযোগে ফিরোজ হোসেন শাকিল নামে ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের ২০৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এদিন জেলায় এইচএসসি পরীক্ষায় ২৪৯ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলেও জানা গেছে।
বহিষ্কার শিক্ষার্থী শাকিল নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও উপজেলার মাঝগ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে।
মারধরের শিকার শিক্ষকের নাম ফেরদৌস আলী, তিনি নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক।
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রদল দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে শাকিলকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার সময় শেষ হওয়ার পরেও ২০৩ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল। পরীক্ষার শুরুতে এমসিকিউ প্রশ্নের সময় শেষ হওয়ার পর হলগার্ড প্রভাষক ফেরদৌস আলী শাকিলকে উত্তরপত্র জমা দিতে বলে। এসময় শাকিল বলে, ‘আমি ছাত্রদলের সভাপতি’। পুনরায় উত্তরপত্র চাইলে হলগার্ডকে মারধর করে ও জীবননাশের হুমকি দেয়।
নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের সচিব সহকারী অধ্যাপক আমজাদ হোসেন বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, কক্ষ পরিদর্শকের সঙ্গে দুর্ব্যবহার করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয়তাবাদী ছাত্রদল নন্দীগ্রাম উপজেলা শাখার অধীনস্থ নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদ থেকে ফিরোজ আহম্মেদ শাকিলকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলকে সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে বহিষ্কার করা হয়েছে।
