এক বছরে কুমিল্লায় বিজিবির অভিযানে ১১ কোটি টাকার মাদক জব্দ

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:৩২ পিএম

কুমিল্লায় গত এক বছরে (জুলাই ২০২৪-জুন ২০২৫) প্রায় ১১ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল মাঠে এই সভার আয়োজন করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. রেজাউল করিম।

তিনি বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। শুধু জব্দ নয়, আমরা মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষ করে যুবসমাজকে সচেতন করতে কাজ করছি। তিনি আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সভায় জানানো হয়, গত এক বছরে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বিজিবি তিন হাজার ২৩০ কেজি গাঁজা, ১৬ হাজার ৫৪২ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৮৩০ বোতল মদ, তিন হাজার ৬২০ বোতল বিয়ার, তিন হাজার ৮২৬ বোতল ইস্কফ সিরাপ, ৯৮ হাজার ৫৬৬টি ইয়াবা এবং এক লাখ ৬৮ হাজার ৩২০টি আমদানি নিষিদ্ধ অবৈধ ট্যাবলেট জব্দ করেছে। এসব মাদকের বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ইমাম হোসেন, চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম এবং বিবিরবাজার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খালেদ চৌধুরী।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত