জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতা ও বগুড়ায় যুবক খুন

আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:০৩ এএম

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত রেজাউল পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দানেজপুর এলাকার আবদুল বারিকের ছেলে।

স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজনের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতার সঙ্গে তার বিরোধ চলছিল। পাঁচবিবি পল্লী বিদ্যুৎ এলাকায় সেই বিরোধ নিয়ে তাদের কথা-কাটাকাটির একপর্যায়ে রেজাউলের মাথায় পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পাঁচবিবি থানার ওসি ময়নুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, বগুড়ায় আনোয়ার হোসাইন (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে জেলার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী গ্রামে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে ফটকি ব্রিজের প্রায় ৩০ গজ উত্তরে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ওসি শফিকুল ইসলাম।

নিহত আনোয়ার হোসাইন নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়ার শাজাহানপুর থানার সাজাপুর আকন্দপাড়ায় ভাড়া থাকতেন। তিনি পেশায় ছিলেন রেনেটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউটর।

তদন্তে দেখা যায়, নিহত আনোয়ারের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বুকের ডান পাশে, বুকের নিচে, ডান হাতের কনুই এবং কবজির মাঝামাঝি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত