বাকৃবিতে র‌্যাগিংয়ের অভিযোগে ৩ ছাত্রী হল থেকে বহিষ্কার

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:৩৭ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে র‌্যাগিংয়ের অভিযোগে তিনজন নারী শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্রী।

জানা গেছে ভুক্তভোগীকে র‌্যাগিংয়ের উদ্দেশ্যে গত ৩১ মে রাতে ওই তিন শিক্ষার্থী হলে ছাদে যেতে ডাকে। পরে সে ছাদে যেতে রাজি না হলে তাকে ভোর চারটা পর্যন্ত মানসিক নির্যাতন করে অভিযুক্তরা।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করে।

বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিন’-এর ৭ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে ১২ মাস এবং একই অনুষদের জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদাকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, অর্ডারটি হাতে পেয়েছি এবং দ্রুতই অভিযুক্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের অন্যায় সহ্য করা হবে না। র‌্যাগিং একটি স্পষ্ট অন্যায়। আমি প্রমাণসহ ঘটনাটি উপাচার্য মহোদয়ের কাছে উপস্থাপন করেছি। তিনি অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত