টেস্ট মর্যাদা পাওয়ার রজতজয়ন্তী পূর্তীর পরের দিনই ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের ব্যর্থতা বল হাতে কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাইজুল ইসলাম। ওই দিনের ১ উইকেটের সঙ্গে আজ শুক্রবার আরও ৪ শিকার ধরে পেয়েছেন ক্যারিয়ারের ১৭তম ফাইফার। কিন্তু তাইজুল-নাঈমদের এই অবদান মলীন হয়ে গেছে দিন শেষের আগেই অর্ধেক ব্যাটসম্যানের সাজঘরে ফিরে যাওয়ার মধ্য দিয়ে।
কলম্বো টেস্টে দলের এমন বাজে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম জানান, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি। সব মিলিয়ে ভালো খেললে ভালো জায়গায় থাকতাম। দলগতভাবেই ভালো করিনি। হ্যাঁ, আমরা খারাপ ব্যাটিং করেছি। সত্যি বলতে আমি নিজেও একজন বোলার কাম ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ভালো উইকেট ছিল কিন্তু আমাদের প্রত্যেক ব্যাটসম্যান সেট হয়ে আউট হয়েছে। আমাদের যদি সেঞ্চুরি হতো, ফিফটি হতো, হয়তো ভালো অবস্থানে থাকতাম।'
এতে হতাশ কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, 'দেশের বাইরে এসে দল ভালো করলে ভালো লাগে। সবাই যখন একসাথে করি তখন ভালো লাগে।'
২৫ বছরে বাংলাদেশের ক্রিকেট কতটুকু এগিয়েছে জানতে চাওয়া হলে তাইজুল বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপ যখন থেকে শুরু হয়েছে আমরা প্রথমে ৯-১০ এ ছিলাম। এ বছর (২০২৩-২৫) আমরা সাতে আছি। ২৫ বছরের কথা বলতে গেলে জানেন, আমাদের ক্রিকেট কাঠামো কেমন ছিল। কোনদিকে যাচ্ছে। শুধু যে খেলোয়াড়দের দোষ দেবেন সেটি আমি মানতে নারাজ। আমাদের খেলোয়াড়রা চেষ্টা করছে। আমাদের অবকাঠামো ভালো হলে আমরা আরও ভালো জায়গায় আসব।'
তবে তাইজুল স্বীকার করেন ২৫ বছরে টেস্টে যতদূর যাওয়ার কথা ছিল সেখানে নেই বাংলাদেশ। আগে যারা ছিলেন তারা দলকে যা দিয়েছে ওই জায়গায় দলকে নিয়ে আসতে পারেননি এখনকার ক্রিকেটারা। তাইজুল বলেন, 'আমাদের ৫-৬ এ থাকা উচিত ছিল তবে আমরা একটু পিছিয়ে আছি।'
ভিনিকে চাও তো এক বিলিয়ন দাও, আল আহলিকে রিয়াল
৬ উইকেট খুঁইয়ে ইনিংস হারের শঙ্কা নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ