রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় এসবি সুপার ডিলাক্সের একটি বাস। এ সময় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আনিসুজ্জামান (১৮) নামে এক দিনমজুর। আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বাস ও এর চালক বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নিহত আনিসুজ্জামান পাবনা সদর উপজেলার চরশিবরামপুরের আবদুর রাজ্জাকের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী আবু নাসিম (পথচারী) বলেন, ভিআইপি মুভমেন্টের কারণে তখন রাস্তায় সিগন্যাল চলছিল। আমরা কয়েকজন হেঁটে রাস্তা পার হচ্ছিলাম। হুট করে বাসটি দ্রুতগতিতে এসে ডিভাইডারের ওপরে তুলে দেয়। আমি খুব কাছেই ছিলাম। যিনি একদম ডিভাইডারের ওপরে ছিলেন তার ওপর বাসটি উঠে যায় এবং বাসচাপায় তিনি সঙ্গে সঙ্গে মারা যান। আরেকজন মারাত্মক আঘাত পেয়েছেন। ভিআইপি মুভমেন্ট থাকায় ঘটনার সময় সেখানে অনেক পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, মিরপুর বাঙলা কলেজের দিক থেকে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস টেকনিক্যাল মোড়ের দিকে দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকা পথচারী আনিসুজ্জামানকে চাপা দেয় বাসটি। এতে আনিসুজ্জামান ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় আরেকজন আহত হন। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পথচারীরা। ঘটনাস্থল থেকে পুলিশ এসবি সুপার ডিলাক্স বাস ও চালক বিল্লাল হোসেনকে আটক করেছে।
