ছেলের ফল জালিয়াতির মামলায়

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ দুই দিনের রিমান্ডে    

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:১৬ পিএম

ছেলের ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৯ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পঞ্চম আদালতের বিচারক নুসরাত জাহান জিনিয়া এ আদেশ দেন। 

এর আগে গত ১৮ জুন উচ্চ আদালতে দেওয়া চার সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করলে নারায়ণকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মিজানুর রহমান। 

গত ২১ জানুয়ারি জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাইয়ে দেওয়ার অভিযোগে অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা হয়। 

মামলার অন্য আসামিরা হলেন নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার। শিক্ষা  বোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে থানায় এ মামলা করেন। 

নারায়ণ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবের দায়িত্ব পালনকালে ২০২৩ সালে তার ছেলে নক্ষত্র দেবনাথ এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশিত হওয়ার পর জালিয়াতির অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অভিযোগ ওঠার পর ২০২৪ সালের ৯ জুলাই তাকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়। 

গত বছরের ১৭  সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শৃঙ্খলা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা নির্দেশনায় বলা হয়, তদন্তে নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এজন্য তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও নক্ষত্রের ফল বাতিলের নির্দেশনা  দেওয়া হয়। তারপরই ২০২৪ সালের ২৩  সেপ্টেম্বর নারায়ণকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত