বড়াইগ্রামে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ, এনসিপি নেতাসহ আহত ৫

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:২৬ পিএম

নাটোরের বড়াইগ্রামে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাতীয় নাগিরক পার্টি এনসিপির সমন্বয়কসহ পাঁচ জন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার শ্রীরামপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় ও ওসি গোলাম সারওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সংঘর্ষে আহতদের মধ্যে জমির মালিক মুরাদ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার ছেলে সেলিম হোসেন (৪৮) ও পুত্রবধূ রহিদা খাতুন (৩৮) এবং এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক মাহমুদুন নুহু (৩৪) ও তার বাবা রফিকুল ইসলাম রাফিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শ্রীরামপুর গ্রামে মুরাদ হোসেনের ব্যক্তিগত জমি দিয়ে পায়ে চলাচলের একটি কাঁচা রাস্তা রয়েছে। বৃষ্টি হলেই সেখানে কাদা হয়ে যায়। সোমবার এনসিপির দলীয় ফান্ড থেকে আর্থিক সহায়তায় নুহু ওই রাস্তায় ইট-বালু ফেলতে যান। এতে মুরাদ হোসেন ও তার ছেলেরা বাধা দেন। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধলে উভয় পক্ষে পাঁচজন আহত হন।

এ ব্যাপারে মাহমুদুন নুহু বলেন, আমাদের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ির লোকজন এ পথ দিয়ে চলাচল করেন। কিন্তু রাস্তাটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যায়। সেজন্য সেখানে ইট-বালু ফেলে চলার উপযোগী করতে চেয়েছিলাম। কিন্তু তারা ওই জমি তাদের নিজেদের বলে দাবি করে আমাদের ওপর হামলা করে।

মুরাদ হোসেনের ছেলে সেলিম রেজা বলেন, আমাদের ব্যাক্তিগত জমি দিয়ে লোকজন পায়ে হেঁটে চলাচল করতো, এটি কোন সরকারি রাস্তা নয়। কিন্তু আজ সেটাই ইট-বালু ফেলে স্থায়ী রাস্তা করছিলেন নুহুরা। নিষেধ করলে তারা আমার বাবাসহ তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে উভয় পক্ষেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত