পেকুয়ায় সাঁকো ভেঙে খালে দুর্ভোগে ১০ হাজার মানুষ

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:২২ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছনুয়া খালের ওপর নির্মিত সাঁকোটি হঠাৎ করে ভেঙে যায়।

প্রায় এক বছর আগে স্থানীয় কিছুসংখ্যক ব্যক্তি সাঁকোটি নির্মাণ করেন। এরপর থেকেই এটি দুই উপজেলার মধ্যে চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। রাজাখালী এলাকার বাসিন্দা বেলাল জানান, সাঁকোটি ভেঙে পড়ার ফলে অন্তত ১০ হাজার মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছে। বর্তমানে ওই এলাকার মানুষকে দীর্ঘপথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

ছনুয়া ইউনিয়নের ছেলবন, খুদুকখালী, নোয়াপাড়া, বালুখালী ও ছোট ছনুয়া গ্রামের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সাঁকো দিয়ে রাজাখালী এয়ারআলী খান উচ্চবিদ্যালয়, ফৈজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, রাজাখালী বিইউআই কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করত। এখন এসব শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

রাজাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আল আমিন জানান, উঁচু এ বাঁশের সাঁকোটি দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল। হঠাৎ সাঁকোটি ভেঙে খালে পড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত