জবানবন্দি শেষে কারাগারে সাবেক সিইসি নুরুল হুদা

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:১৫ এএম

জনগণের ভোট ছাড়া নির্বাচনের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জবানবন্দি শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান, সাবেক সিইসি নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আদালতে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গত ২২ জুন তার নিজ বাসায় মবের স্বীকার হন এবং শারীরিক লাঞ্ছিত হন নুরুল হুদা। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে এ মামলায় গ্রেপ্তার দেখায়। পরদিন তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে গত ২৭ জুন আবার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দেয়। গত ২৫ জুন মগবাজার এলাকা থেকে আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তার তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। আবার রিমান্ডের আবেদন না থাকায় রবিবার তাকে কারাগারে পাঠায় আদালত। গত ২২ জুন এই মামলা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং ২০১৪ সালের নির্বাচনের সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনের সিইসি এ কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, ওই তিন নির্বাচনে ‘গায়েবি মামলা, অপহরণ, গুম খুন ও নির্যাতনের’ ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের ‘গণগ্রেপ্তার’ করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়। সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ, ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পূর্ণ করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত