জুনে রপ্তানি কমলেও পুরো বছরে প্রবৃদ্ধি ৮.৫৮ শতাংশ

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:৪৭ এএম

২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) ৪৮ বিলিয়ন ডলার বা ৪ হাজার ৮০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের উদ্যোক্তারা। আগের বছরের তুলনায় রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ৪৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। তবে পুরো বছরের রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও শুধু গত জুনে রপ্তানি আয়ে ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

গতকাল বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইপিবির তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে কৃষিজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ২ দশমিক ৫২ শতাংশ, পোশাক খাতে ৮ দশমিক ৮৪, প্লাস্টিক পণ্যে ১৬ দশমিক ২১, হোম টেক্সটাইলে ২ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে কারখানাগুলোতে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের  শেষে এনবিআরের শাটডাউনে বন্দরের কার্যক্রম বন্ধ এবং ধীরগতি থাকার কারণে জুন মাসে রপ্তানি আয় সাড়ে ৭ শতাংশের বেশি কমেছে।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৩ দশমিক ৬১ বিলিয়ন ডলার। গত মাসে মোট রপ্তানির পাশাপাশি মাছ রপ্তানি কমেছে ১০ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া প্রাণীজ পণ্য রপ্তানি কমেছে ২৬ দশমিক ৬৭ শতাংশ। চা রপ্তানি কমেছে ১৫ দশমিক ৬৩ শতাংশ, মসলা রপ্তানি কমেছে ১৯ দশমিক ২৫ শতাংশ, ড্রাই ফুডের রপ্তানি কমেছে ২৬ দশমিক ২৫ শতাংশ, অ্যানিমেল বা ভেজিটেবল ফ্যাট রপ্তানি কমেছে ৮৩ দশমিক ৭২ শতাংশ। বেভারেজ, ভিনেগার ক্যাটাগরিতে পণ্য রপ্তানি কমেছে ৪৬ দশমিক ১৫ শতাংশ।

এই মাসে কৃষি ও কৃষিজাত পণ্যের বাইরে ম্যানুফ্যাকচারিং খাতের পণ্যের রপ্তানিও কমেছে। এই ক্যাটাগরিতে মোট রপ্তানি কমেছে ৭ দশমিক ৭২ শতাংশ। সিমেন্ট, লবণ ও পাথর রপ্তানি কমেছে ৬২ দশমিক ১৬ শতাংশ। পেট্রোলিয়ামের বাই প্রোডাক্টের রপ্তানি কমেছে ৩৭ শতাংশের বেশি। এ ছাড়া প্লাস্টিক পণ্যেও রপ্তানি কমেছে ১৬ দশমিক ৭৩ শতাংশ, লেদারের পণ্যে রপ্তানি ১২ দশমিক ১২ শতাংশ, বিশেষায়িত টেক্সটাইল পণ্যের রপ্তানি কমেছে ১৯ দশমিক ৩৮ শতাংশ, তৈরি পোশাকের রপ্তানি কমেছে ৬ দশমিক ৩১ শতাংশ, হোম টেক্সটাইলের রপ্তানি কমেছে ২৬ দশমিক ৬৪ শতাংশ।

মে মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এপ্রিল মাসে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত