নিবন্ধন সাময়িক বাতিল আরও দুই চিকিৎসকের

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:৫০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাহিব রেজার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও দুই চিকিৎসকের নিবন্ধন সাময়িক বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এই দুজন হলেন ডা. সুনান বিন ইসলাম ও ডা. নাসিফ শাহরিয়ার ইসলাম। গত মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক নোটিস জারি করা হয়।

এর আগে একই দিন আরেক চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নিবন্ধনও সাময়িক বাতিল করে বিএমডিসি। এ নিয়ে এই ঘটনায় তিন চিকিৎসকের নিবন্ধন সাময়িক বাতিল করা হলো। এর মধ্যে ডা. স্বপ্নীলের নিবন্ধন পাঁচ বছর ও বাকি দুজনের ছয় মাস করে নিবন্ধন বাতিল করা হয়েছে। বিএমডিসি জানিয়েছে, এ সময়ের মধ্যে এসব চিকিৎসক নিজেদের চিকিৎসক হিসেবে পরিচিতি ও দেশের ভেতর চিকিৎসা দিতে পারবেন না। তাদের নিবন্ধন বাতিল গত ১ জুলাই থেকে শুরু হয়েছে।

২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাবএইডে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাহিব রেজার (২১) মৃত্যু হয়। অস্ত্রোপচার দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের অবহেলায় মৃত্যু হয় রাহিব রেজার। ওই বছরের ২৩ অক্টোবর হাইকোর্টে দাখিল করা স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত