নিখোঁজ ৪০

ইন্দোনেশিয়ার বালির উপকূলে ফেরিডুবি, চারজনের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:৪৯ পিএম

ইন্দোনেশিয়ার বালির উপকূলে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ফেরিটিতে থাকা আরও ৪০ জনের বেশি যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। প্রবল ঢেউয়ের মধ্যে উদ্ধারকর্মীরা রাতভর সাগরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার গভীর রাতে। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থা জানিয়েছে, ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’ নামের ফেরিটি পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে রওনা দেওয়ার প্রায় আধা ঘণ্টা পরই ডুবে যায়। ফেরিটির গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে।

ডুবে যাওয়া ফেরিটিতে ৫৩ জন যাত্রী ছাড়াও ছিল ১২ জন কর্মী ও ২২টি যানবাহন। এসব যানবাহনের মধ্যে ১৪টি ছিল ট্রাক।

দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৩ জনকে, যাদের অনেকেই দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর সংজ্ঞা হারিয়ে ফেলেন।

বানিউওয়াঙ্গির পুলিশপ্রধান রামা সম্তামাপুত্র জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম চালানোর সময় সাগরে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার (৬.৫ ফুট)। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নয়টি নৌযান, যার মধ্যে দুটি টাগ বোট ও দুটি রাবার বোট রয়েছে।

উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ফেরি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সেখানে নৌপথে নিরাপত্তাব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত