নারী নির্যাতন মামলার এক আসামির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ফেনীর পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু ছৈয়দকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম। এর আগে গত বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিওটি ভাইরাল হয়।
৩৩ সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস ছাত্তার (৫৫) নামের আসামি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু ছৈয়দকে টাকা দেওয়ার চেষ্টা করছেন। ঘটনার ১০ দিন পর গত বুধবার সেটি ভাইরাল হয়।
জানা গেছে, উপজেলার দক্ষিণ কোলাপাড়ায় প্রাণিসম্পদ হাসপাতালের পাশে নারী নির্যাতন মামলার আসামি আব্দুস সাত্তারের বাড়িতে এসআই আবু ছৈয়দের সঙ্গে টাকা লেনদেন হয়।
অভিযুক্ত এসআই আবু ছৈয়দ বলেন, ‘ভাইরাল হওয়ার ভিডিওটি গত ২২ জুনের। আসামি আব্দুস সাত্তার আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। এ সময় আমি নিজের পকেটে থাকা টাকা বের করে তাকে দেখিয়ে বলেছি, টাকা আমার কাছে আছে, টাকা লাগবে না। আমি তার কাছ থেকে কোনো টাকা নিইনি।’ পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম বলেন, ‘ভিডিও পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
