বিদেশি কোম্পানিকে হয়রানির অভিযোগ আরজেএসসির বিরুদ্ধে

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:০৮ এএম

বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেডকে হয়রানির অভিযোগ উঠেছে নিয়ন্ত্রক সংস্থা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) বিরুদ্ধে। নিজেদের ওয়েবসাইট থেকে বহুজাতিক কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের প্রোফাইল সরিয়ে ফেলেছে আরজেএসসি। ফলে কোম্পানিটির কোনো তথ্য আরজেএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। বেআইনিভাবে কোম্পানিটির তথ্য আরজেএসসির ওয়েবসাইট থেকে সরিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে কী কারণে কোম্পানিটির প্রোফাইল সরানো হয়েছে, সে বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন আরজেএসসির নিবন্ধক।

সাধারণত কোনো কোম্পানির উদ্যোক্তাদের বিরুদ্ধে যদি মামলা থাকে বা কোম্পানির শেয়ার হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা থাকে অথবা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির প্রোফাইল লক করা হয়। কিন্তু নোভার্টিসের ক্ষেত্রে তেমন কোনো বিষয় নেই। তা সত্ত্বেও কোম্পানিটির প্রোফাইল লক করা হয়েছে কী কারণে, তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ব্যতিরেকে কোনো কোম্পানির প্রোফাইল এভাবে লক করা সম্পূর্ণ বেআইনি। তা ছাড়া বহুজাতিক কোম্পানির সঙ্গে এমন আচরণ করা হলে ভবিষ্যতে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বিঘ্নিত হতে পারে। এমনিতেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ অনেক কম। তদুপরি যদি নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে এমন ঘটনা ঘটে, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। প্রোফাইল ‘লকড’ থাকলে বা ওয়েবসাইটে তথ্য না থাকলে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া বাস্তবায়ন করা যায় না। বিষয়টিকে কোম্পানিটির অধিকার হরণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানি আইনবিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো কোম্পানির বিরুদ্ধে যদি আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে এভাবে তাদের প্রোফাইল লক করার কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ বেআইনি পদক্ষেপ। এটি হয়রানির শামিল। এমন পদক্ষেপে বিনিয়োগ বিঘ্নিত হতে পারে।’

এদিকে কোম্পানির পোর্টাল খুলে দেওয়ার বিষয়ে নোভার্টিসের পক্ষ থেকে গত ২৫ ও ২৬ জুন দুই দফা চিঠি দেওয়া হয়েছে বলে আরজেএসসি সূত্রে জানা গেছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়, নোভার্টিসের বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম চলমান নেই। কাজেই কোম্পানিটির প্রোফাইল পোর্টাল যেন ওয়েবসাইটে উন্মুক্ত করে দেওয়া হয়, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। তা সত্ত্বেও পোর্টালটি খুলে দেওয়া হয়নি।

কী কারণে নোভার্টিসের প্রোফাইল ওয়েবসাইট থেকে সরিয়ে রাখা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে আরজেএসসির নিবন্ধক এ কে এম নূরুন্নবী কবির বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ‘কী কারণে প্রোফাইলটা বন্ধ আছে, তা এখন বলতে পারছি না। অফিসে গিয়ে দেখে বলতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত